বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ পর্যটন করপোরেশন কর্তৃক আয়োজিত জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন।
একই সঙ্গে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সব হোটেল ও মোটেলেও ৩৬ শতাংশ ছাড় পাবেন বলেও জানান তিনি।
পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহত যোদ্ধারা আমাদের জাতীয় ইতিহাসের এক অনন্য অধ্যায়ের সাহসী অংশীদার। তাদের আত্মত্যাগকে কেবল আনুষ্ঠানিকভাবে স্মরণ করলেই হবে না; তাদের স্বপ্ন, প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি মানবিক, বৈষম্যহীন ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
শহিদ পরিবারের প্রতি সম্মান এবং আহত যোদ্ধাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব। শুধু দেশে না, বিদেশে ভ্রমণের ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জুলাই যোদ্ধারা ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারি।
তিনি বলেন, ৩৬ জুলাইকে স্মরণীয় করে রাখার জন্য জুলাই যোদ্ধাদের পর্যটন করপোরেশনের হোটেলগুলোতে ৩৬ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হবে। তাদের কর্মসংস্থানের সুব্যবস্থা করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে মূল্যছাড় দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হবে।
‘বাংলাদেশের পর্যটন খাত দেশের অর্থনৈতিক সম্ভাবনা, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় ঐক্য ও সাংস্কৃতিক সম্প্রীতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে পর্যটন খাতকে আরও অন্তর্ভুক্তিমূলক, জনবান্ধব, নিরাপদ, টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে হবে’-যোগ করেন তিনি।