মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি পোশাক তৈরি কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার ড্রেসম্যান লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিক ও কারখানা সূত্রে জানা যায়, সকালে কাজে যোগ দেওয়ার পর শ্রমিকরা কারখানার সরবরাহ করা পানি পান করেন। কিছুক্ষণ পর তাঁদের মধ্যে বমি, পেটব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। একপর্যায়ে অসুস্থ শ্রমিকের সংখ্যা দ্রুত বাড়তে থাকলে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠায়।
অসুস্থ কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, কারখানার পানিতে দুর্গন্ধ ছিল। পানি পান করার কিছুক্ষণের মধ্যেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। ধীরে ধীরে শতাধিক শ্রমিক একই ধরনের উপসর্গে আক্রান্ত হন।
ড্রেসম্যান লিমিটেডের এজিএম (প্রশাসন) আতিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত ৪০ থেকে ৫০ জন শ্রমিক অসুস্থ হওয়ার তথ্য তাঁদের কাছে রয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, “গত সোমবারের টানা বৃষ্টির কারণে আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। ধারণা করা হচ্ছে, শ্রমিকরা পানিতে ডুবে যাওয়া কলের পানি পান করেছিলেন। তবে কারখানার পানিতে কোনো সমস্যা পাওয়া যায়নি।”
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পানি পান করে শ্রমিক অসুস্থ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং চিকিৎসকদের মতে তারা বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।
ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।