মোঃআতেফ ভূঁইয়া,গাজীপুর সদর প্রতিনিধি:
তীব্র গ্যাস সংকটের কারণে গাজীপুর শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। প্রয়োজনীয় গ্যাসের চাপ না থাকায় জেলার প্রায় ২০ শতাংশ কারখানায় টানা চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি সমন্বয় করে বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করেছে অনেক শিল্পপ্রতিষ্ঠান।
গাজীপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, জেলায় দৈনিক প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৩০০ মিলিয়ন ঘনফুট। ফলে প্রায় ৪৫ শতাংশ গ্যাসের ঘাটতি তৈরি হয়েছে।
এই ঘাটতির কারণে শিল্পাঞ্চলের কারখানাগুলোতে প্রয়োজনীয় গ্যাসের চাপ বজায় রাখা সম্ভব হচ্ছে না। বিশেষ করে দিনের বেলায় উৎপাদন কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যাচ্ছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সংকট নিরসনে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ চলমান থাকলেও গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হওয়ার সম্ভাবনা নেই।
শিল্পাঞ্চল সূত্রে জানা গেছে, গ্যাস সংকট মোকাবিলায় শুরুতে অনেক কারখানা উৎপাদন লাইন কমিয়ে আনে এবং রাতের শিফটে উৎপাদন চালানোর চেষ্টা করে। কিন্তু সংকট আরও তীব্র হওয়ায় শেষ পর্যন্ত অনেক প্রতিষ্ঠান দীর্ঘ ছুটি দিতে বাধ্য হয়েছে।
বিশেষ করে কালিয়াকৈর, টঙ্গী বিসিক ও শ্রীপুর এলাকার পোশাক, টেক্সটাইল, নিটিং ও ডাইং কারখানাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের তথ্যমতে, জেলার মোট শিল্পকারখানার প্রায় ২০ শতাংশ বর্তমানে বন্ধ রয়েছে। এর অধিকাংশই তৈরি পোশাক, টেক্সটাইল, নিটিং ও ডাইং খাতের প্রতিষ্ঠান।
কারখানায় ছুটি ঘোষণার পর শত শত পোশাক শ্রমিক পরিবারের সঙ্গে সময় কাটাতে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। বিশেষ করে চন্দ্রা ও ভোগড়া এলাকায় ভোর থেকেই যানবাহনের ধীরগতি এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, অতিরিক্ত যানবাহনের চাপের কারণে চন্দ্রা ত্রিমোড় এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।
শিল্প মালিকরা জানিয়েছেন, দীর্ঘস্থায়ী গ্যাস সংকটের কারণে নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি আদেশ সরবরাহ করা কঠিন হয়ে পড়ছে। এতে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ক্রয়াদেশ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তারা দ্রুত নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করে দেশের প্রধান রপ্তানি খাতকে সংকট থেকে রক্ষার জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।