নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পলাশে এমরান মিয়া নামে এক তাঁত কারখানার শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াবো গ্রামে অবস্থিত উক্ত কারখানার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত এমরান কেন্দুয়াবো গ্রামের আমির ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত এই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, বাড়ির পাশে মোস্তফা নামে এক ব্যক্তির একটি তাঁত কারখানায় শ্রমিকের কাজ করতেন এমরান। গতরাতে নাইট ডিউটি চলাকালীন তিনি হঠাৎ কারখানা থেকে বের হয়ে গিয়ে আর ফিরে আসেননি। পরে ভোরে কারখানার এক শ্রমিক রাস্তার পাশে এমরানের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।
পরে স্থানীয়রা পুলিশের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ‘পূর্ব শত্রুতার কারণে এই হত্যার ঘটনা হয়ে থাকতে পারে। হত্যার রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।’