মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে মোট ১ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে মুন্সিগঞ্জ সদর ও পঞ্চসার ইউনিয়নে এ দুটি অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে মুন্সিগঞ্জ জেলা পুলিশ।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দুপুর ১২টা ৫৫ মিনিটে সদর থানাধীন নৈরপুকুরপাড় ব্রিজ সংলগ্ন মাসুদ অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অভিযান চালানো হয়। এ সময় ৩০০ পিস ইয়াবাসহ মো. মনির হোসেন হাওলাদার (৩৫) ও মালা বেগম (৩০) নামের দু’জনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া একই দিন দুপুর ২টা ৪৫ মিনিটে পঞ্চসার ইউনিয়নের বাগবাড়ি এলাকার জবা ফ্যাক্টরির সামনে আরেকটি অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। সেখান থেকে ৭০০ পিস ইয়াবাসহ সামিয়া জাফর (২০) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়।
অভিযান দু’টি পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই সৈয়দ হাসিব আহম্মেদ, সঙ্গীয় ফোর্সসহ।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।