মোঃ তাজুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি;
নোয়াখালীর হাতিয়ায় বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে মাছ ধরার তিনটি ট্রলার ডুবে গেছে। বুধবার (১২ আগস্ট) সকালে নিঝুমদ্বীপের কাছাকাছি সাগরে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনাকবলিত তিনটি ট্রলারে থাকা ৪৮ জেলেকেই জীবিত উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনায় তিনটি ট্রলারের মধ্যে দুটি সম্পূর্ণ তলিয়ে গেছে। অপর একটি ট্রলার এখনো ভাসমান রয়েছে। ট্রলারগুলো হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাটের নাছির মাঝি, জহির মাঝি ও জাহেদ মাঝির।
জহির মাঝি জানান, বুধবার সকালে হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল হয়ে ওঠে। এ সময় নিঝুমদ্বীপের কাছাকাছি থাকা তিনটি মাছধরা ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে। পরে আশপাশে থাকা অন্য ট্রলারের জেলেদের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত ট্রলারের মাঝি-মাল্লাদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়।
নিশান চৌধুরী বলেন, সাগর উত্তাল থাকায় দুর্ঘটনাকবলিত তিনটি ট্রলারের মধ্যে দুটি সম্পূর্ণ তলিয়ে গেছে। নাসির মাঝির ট্রলারটি এখনো ভাসছে। সেটি উদ্ধারের চেষ্টা চলছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, বৈরী আবহাওয়ার কারণে ট্রলারডুবির ঘটনাটি তিনি শুনেছেন। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন, দুর্ঘটনায় পড়া সব জেলেকেই জীবিত উদ্ধার করা হয়েছে।