ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলোর মধ্যে গায়ের জোর ও পেশিশক্তির পরিবর্তে মেধা, যোগ্যতা ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের প্রতিযোগিতা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।
বুধবার (১২ আগস্ট) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক ক্যাম্পাস সহিংসতার প্রসঙ্গ টেনে সাদ্দাম বলেন, ছাত্রসংগঠনগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকা স্বাভাবিক। তবে সেই প্রতিযোগিতা শিক্ষার্থীদের কল্যাণ, একাডেমিক উন্নয়ন ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে হওয়া উচিত। পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা ছাত্ররাজনীতির জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন তিনি।
শিবির সভাপতি বলেন, ‘আমরা এখন পর্যন্ত কোনো জায়গায় মার খেলেও মারের কোনো জবাব দিচ্ছি না। তার মানে এই নয় যে, আমাদের শক্তি নেই। এটা মনে করার কোনো কারণ নেই। শক্তি থাকলেই সবসময় শক্তি দেখাতে হয় না।’
তিনি বলেন, জুলাইয়ের পর দেশের ক্যাম্পাসগুলোতে মেধাভিত্তিক ছাত্ররাজনীতির চর্চা হওয়া প্রয়োজন। ছাত্রসংগঠনগুলোর মধ্যে প্রতিযোগিতা হলে তা বুদ্ধিবৃত্তিক ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে হওয়া উচিত। তার ভাষায়, ‘গায়ের জোর সবাই দেখাতে পারে, কিন্তু ছাত্রশিবির গায়ের জোর দেখাতে চায় না। আমরা চাই মেধা নিয়ে প্রতিযোগিতা হোক।’
নূরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রসংগঠনগুলোর কাজ হওয়া উচিত শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন, উচ্চশিক্ষা, গবেষণা, ক্যারিয়ার গঠন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখা।
অনুষ্ঠানে কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সঞ্চালনা করেন। এতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আতিয়ার রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।