মঈন উদ্দীন ,বান্দরবান প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০নং আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে পার্বত্য জেলা বান্দরবানের পর্যটন, কৃষি ও শিক্ষার উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় পার্টির প্রার্থী মো: ওয়ালী উল্লাহ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বান্দরবান প্রেসক্লাবের হলরুমে জাতীয় পার্টি বান্দরবানের আয়োজনে সংবাদ সম্মেলনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৩০০নং আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো: ওয়ালী উল্লাহ এমন মন্তব্য করেন।
এসময় তিনি আরো বলেন, পার্বত্য এলাকার সকল গোষ্ঠীর সহযোগিতায় আমরা এবারের নির্বাচনে জয়ী হবো আর সংসদ সদস্য নির্বাচিত হলে আমরা বান্দরবানের বহুমুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে তার দৃশ্যমান বাস্তবায়ন করবো।
এসময় তিনি বলেন,পর্যটন নগরী বান্দরবানকে আরো সুন্দর করে সাজানো এবং পরিকল্পনা মাফিক টেকসই উন্নয়ন করে বিশ্বের কাছে বাংলাদেশের নাম উজ্বলে আমাদের কর্মপরিকল্পনা অব্যাহত রয়েছে।
এলাকার বেকার সমস্যা দুরীকরণ ও কৃষির সাফল্যে কৃষকদের পাশে আমাদের অবস্থান সবসময় থাকবে। এসময় ৩০০নং আসনে জাতীয় পার্টির মনোনীত নাঙ্গল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মো: ওয়ালী উল্লাহ সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে এসময় ৩০০নং আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো: ওয়ালী উল্লাহ, জাতীয় পার্টির বান্দরবান জেলার সাধারণ সম্পাদক শওকত জামান (মিশুক), সহ সভাপতি জমির আহম্মদ, সদর উপজেলা সভাপতি বিশ্বনাথ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো.শাহজাহানসহ জাতীয় পার্টির বান্দরবান জেলার বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।