মুন্সীগঞ্জ প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পদযাত্রায় দলটির মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর গাড়িবহরে হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এনসিপির জেলা কমিটির ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা হবিগঞ্জের হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, গণতান্ত্রিক কর্মসূচিতে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এদিকে, বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত হন মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। তারা সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মাঝে পানির বোতল বিতরণ করেন। তাদের এ উদ্যোগকে উপস্থিত অনেকেই ইতিবাচক ও মানবিক উদ্যোগ হিসেবে অভিহিত করেন।
জেলা ছাত্রদলের নেতারা বলেন, গণতান্ত্রিক কর্মসূচিতে অংশগ্রহণকারী মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শান্তিপূর্ণ কর্মসূচিতে সহযোগিতা ও মানবিক আচরণের সংস্কৃতি গড়ে তোলার ওপর তারা গুরুত্বারোপ করেন।
সমাবেশ চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা এনসিপির কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন। কর্মসূচি শেষে তারা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আরও পানির বোতল বিতরণ করেন।