বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে তারা সারা দেশে জনগণের কাছে যাচ্ছেন। তিনি বলেন, দেশের আলেম সমাজ, ইসলামি দল ও দেশপ্রেমিক মানুষ জুলাই বিপ্লবকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে এবং এই বিপ্লব তাদের হৃদয়ের চেতনা ও অন্তরের বাসনা।
তিনি বলেন, ‘আমরা শপথ করছি, যেকোনো মূল্যে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাংলাদেশে বাস্তবায়ন করব, ইনশা আল্লাহ।’
বুধবার বিকেলে বাগেরহাটের চিতলমারী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা খেলাফত মজলিস আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক-সন্ত্রাসবিরোধী দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের প্রতি তাদের আবেগের পেছনে রয়েছে দীর্ঘ ত্যাগ ও রক্তের ইতিহাস। তার ভাষ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনের ভিত্তি তৈরি হয়েছিল ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার মধ্য দিয়ে।
এরপর ধারাবাহিক আন্দোলনের কারণে তাদের অনেককে দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়েছে। তিনি দাবি করেন, বহু ত্যাগ ও প্রাণের বিনিময়ে জুলাই আন্দোলন সফল হয়েছে এবং মাদ্রাসার শিক্ষার্থীদের আত্মত্যাগ এ আন্দোলনকে সফল করেছে।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস চিতলমারী উপজেলা শাখার সভাপতি মুফতি জিহাদ বিন সিরাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা শরীফ সাইদুর রহমান, কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান, চিতলমারী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাফেজ শহিদুল ইসলাম।
এ ছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস বাগেরহাট জেলা শাখার সভাপতি মুফতি রমিজ উদ্দিন।