ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইনগত সহায়তা বিষয়ে ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা এবং তাকে প্রত্যর্পণের বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সরকার তার প্রত্যর্পণের চেষ্টা করছে। তবে তিনি যদি বাংলাদেশের নাগরিক হিসেবে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান, তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, দেশে প্রবেশের পর আইন যে ক্ষমতা দিয়েছে, সেই অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।
শেখ হাসিনার পাসপোর্ট না থাকলে তিনি কীভাবে দেশে ফিরবেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়। তবে তিনি বাংলাদেশের আওতাভুক্ত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিষয়টি এখনো সরকারের আনুষ্ঠানিক আলোচনায় আসেনি। সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনও নির্ধারিত সময়ের মধ্যে আহ্বান করা হবে। ফলে আপাতত রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজনীয়তা তিনি দেখছেন না। তবে প্রয়োজন হলে সরকার বিশেষ অধিবেশন আহ্বান করতে পারে।