আমজাদ শিবলু : নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও এলাকায় নতুন একটি গ্যাসকূপের খননকাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রাথমিক মূল্যায়নে ধারণা করা হচ্ছে, কূপটির খনন ও পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হতে পারে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বাপেক্স আনুষ্ঠানিকভাবে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প’-এর উদ্বোধন করে। বুধবার (২৯ জুলাই) সকাল থেকে পুরোদমে ড্রিলিং কার্যক্রম শুরু হয়।
বাপেক্স সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫৫০ মিটার গভীর পর্যন্ত খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত গভীরতা পর্যন্ত ড্রিলিং সম্পন্ন হওয়ার পর কূপটির সম্ভাব্য গ্যাস মজুত যাচাই করা হবে।
প্রকল্পটির ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান স্থানীয় সাংবাদিকদের জানান, কূপটির খননকাজ শেষ করতে প্রায় ৪৫ দিন সময় লাগবে। এরপর আরও ১৫ দিন ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) পরিচালনা করা হবে। এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কূপটিতে মজুত গ্যাসের প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হবে।
তিনি বলেন, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী একটানা ড্রিলিং কার্যক্রম চলবে। খনন ও ডিএসটি সফলভাবে সম্পন্ন হলে কূপটি থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে। তবে গ্যাস উৎপাদনের চূড়ান্ত সক্ষমতা পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করবে।