জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সিলেটের পাঁচ উপজেলায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।
এনসিপির কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে কানাইঘাট ও সন্ধ্যায় ওসমানীনগরে পদযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট এবং সন্ধ্যায় জৈন্তাপুরে একই ধরনের কর্মসূচি রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর জেলা প্রশাসন বিজিবি মোতায়েনের উদ্যোগ নেয়। জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার ও শুক্রবারের কর্মসূচি উপলক্ষে বিজিবি চাওয়া হয়েছে।
সিলেটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার বলেন, কর্মসূচিগুলো ঘিরে পোশাকধারী ও সাদা পোশাকের পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলা এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে পাঁচ প্লাটুন বিজিবিও দায়িত্ব পালন করবে।
এদিকে এনসিপি সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল জানান, জেলার পাঁচ উপজেলায় ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটি মতবিনিময় সভারও আয়োজন করা হয়েছে।