কুষ্টিয়া জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জেলা বিএনপি, যুবদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে আনন্দ মিছিলটি বের করা হয়। এর আগে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এন. এস. রোডস্থ বড় বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে নবগঠিত কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি ফুয়াদ রেজা ফাহিম ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি নেতৃত্ব দেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
এসময় আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।
সমাবেশ ও আনন্দ মিছিলে বিএনপি, যুবদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। এসময় নেতা-কর্মীরা নবগঠিত জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা নবগঠিত জেলা যুবদলের নেতৃত্বকে অভিনন্দন জানান। একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি কুষ্টিয়া জেলা যুবদলের সাত সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেয়। এতে ফুয়াদ রেজা ফাহিমকে সভাপতি, মোস্তাফিজুর রহমান সুমনকে সিনিয়র সহ-সভাপতি এবং জিল্লুর রহমান জনিকে সাধারণ সম্পাদক করা হয়।
কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন কমিটি ঘোষণার পর জেলা যুবদলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।