নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ শহরের ব্যস্ততম শেরপুর রোড-নতুন বাজার একটি ব্যস্ততম সড়ক বন্ধ করে সিরাত মাহফিলের আয়োজন করায় পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।জানা যায়, গতকাল সোমবার নবীগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে শহরের শেরপুর রোড-নতুন বাজার এলাকায় দুপুর থেকে সিরাত মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলকে কেন্দ্র করে ব্যস্ততম সড়কের একটি অংশ বন্ধ করে দেওয়া হয়।
ফলে ওই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী ও যানবাহনকে বাধার মুখে পড়তে হয়। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের অভিযোগ, নবীগঞ্জ শহরের অন্যতম ব্যস্ততম এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে বড় ধরনের সমাবেশ আয়োজন করায় স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে। বিশেষ করে ব্যবসায়ী ও পথচারীদের ভোগান্তি বেশি হয়েছে বলে জানান তারা।
এদিকে, সড়ক বন্ধ করে মাহফিল আয়োজনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানান জন নানান মন্তব্য প্রকাশ করেন।
সামছুল ইসলাম বলেন, “এভাবে ব্যস্ততম রাস্তা বন্ধ না করে খোলা মাঠে বা অন্য কোনো উপযুক্ত স্থানে সমাবেশ করলে সাধারণ মানুষের চলাচলে এতটা বিঘ্ন ঘটত না।”
শরীফ আহমদ বলেন, এখানে রাজনৈতিক প্রোগ্রামের জন্য ব্যবসায়ী সহ অন্যন পেশা দায়্বত্বের মানুষদের ক্ষতি সম্মুখীন হয়েছেন। এতো বড় সমাবেশ খোলা মাঠে বা উন্মমুক্ত জায়গায় সবাবেশ করা শ্রেয়।
স্থানীয়দের অনেকেই ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের বিরোধিতা না করে জনসাধারণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ভবিষ্যতে খোলা মাঠ কিংবা অপেক্ষাকৃত কম ব্যস্ত এলাকায় এ ধরনের কর্মসূচি আয়োজনের আহ্বান জানিয়েছেন।