বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় দেশে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াত বিট সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকেই দেশে সংকট শুরু হয়েছে। তার ভাষ্য, বিরোধী দল দুটি শপথ নিলেও সরকার একটি শপথ নিয়েছে। বিএনপির সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়াকে তিনি সরকারের ‘অপনীতি’ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের আগে বিএনপি জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় যাওয়ার পর তার কিছু থেকে সরে এসেছে। পাশাপাশি দেশের বিভিন্ন সমস্যা ও জনভোগান্তি নিয়ে বিরোধী দল সংসদে নোটিশ দিলেও সরকার সেগুলো আলোচনার সুযোগ দিচ্ছে না বলেও দাবি করেন তিনি।
বিনিয়োগ পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তার দাবি, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে বিদেশি বিনিয়োগ অন্য দেশে চলে যাচ্ছে এবং প্রত্যাশিত কর্মসংস্থানও তৈরি হচ্ছে না।