দেশের উন্নয়ন করতে বিএনপির ১৭ বছর লাগবে না বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। তিনি বলেন, এক টার্মই যথেষ্ট। জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি সরকার কাজ করে যাচ্ছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জরিপের ডাঙ্গী গ্রামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা ক্ষমতায় আসার পর দেশের মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নিয়েছি। রাস্তা-ঘাট নির্মাণ, স্কুল-কলেজের ভবন নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে কাজ করা হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
শহিদুল ইসলাম বলেন, শিক্ষা, যোগাযোগ ও কৃষিসহ বিভিন্ন খাতে উন্নয়ন করা হচ্ছে। মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পৃক্ত বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে সরকার। একটি দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন উন্নয়নের সুফল সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়।
সরকারের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরে সংসদ সদস্য বাবুল বলেন, দেশের প্রত্যেকটি ইউনিয়নের মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের ব্যবস্থাও করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের পাশাপাশি কৃষকরাও উপকৃত হবেন।
তিনি বলেন, শুধু বড় বড় প্রকল্প গ্রহণ করলেই উন্নয়ন হয় না। গ্রামের রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষকের সুযোগ-সুবিধা এবং সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ করাও উন্নয়নের অংশ। আমরা সেই বিষয়গুলোকে সামনে রেখেই কাজ করছি।