প্রায় দুই বছর পর প্রথমবারের মতো প্রকাশ্য কোনো অনুষ্ঠানে বক্তব্য দিতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। একই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানেরও।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে যাওয়ার পর থেকে শেখ হাসিনা জনসম্মুখে কোনো অনুষ্ঠান বা গণমাধ্যমের সাক্ষাৎকারে অংশ নেননি। এবার নয়াদিল্লিভিত্তিক ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি বক্তব্য রাখবেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে শেখ হাসিনা তার রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার সম্ভাব্য রূপরেখা নিয়ে কথা বলবেন। নয়াদিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজন ক্লাবটির সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে।
অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে শেখ হাসিনার পাশাপাশি আরও কয়েকজন বাংলাদেশি রাজনৈতিক নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তির অংশগ্রহণের কথা উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মোহাম্মদ আলী সিদ্দিকী।
প্যানেল আলোচনায় অংশ নেবেন ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, রাজনৈতিক ও সন্ত্রাসবাদবিষয়ক বিশ্লেষক আবু ওবায়দা আরিন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএর পরিচালক শাহ মো. বখতিয়ার।
অনুষ্ঠিতে সভাপতিত্ব করবেন এফসিসি সাউথ এশিয়া ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবস (আইএপিসি)-এর সভাপতি ড. ওয়াইল আওয়াদ।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট কোটা সংস্কার আন্দোলন দেশব্যাপী সরকারবিরোধী গণআন্দোলনে রূপ নেওয়ার পর শেখ হাসিনা ক্ষমতা ছাড়েন এবং ভারতে আশ্রয় নেন। এরপর থেকে তিনি জনসম্মুখে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। ফলে এবারের ভার্চুয়াল উপস্থিতিকে বাংলাদেশ ছাড়ার পর তার প্রথম গুরুত্বপূর্ণ প্রকাশ্য বক্তব্য হিসেবে দেখা হচ্ছে।