জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যে ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের জামায়াতের সমালোচনা করেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন, “জামায়াতের সৎ এবং চরিত্রবানের লেবাস খসে খসে পড়তেছে।”
আব্দুল কাদের তার পোস্টে দাবি করেন, জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে একের পর এক বিতর্ক সামনে আসছে। তিনি বলেন, দলটির উচিত অভ্যন্তরীণভাবে বিষয়গুলো নিয়ে আলোচনা করা এবং নিজেদের অবস্থান স্পষ্ট করা।
পোস্টে তিনি জামায়াতের নেতৃত্বকে উদ্দেশ করে বিভিন্ন পরামর্শ দেন। এর মধ্যে দলের সংসদ সদস্য ও দায়িত্বশীলদের নিয়ে বৈঠক করা, সাংগঠনিক পর্যায়ে আলোচনা করা এবং বিতর্কিত বিষয়গুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন।
তিনি আরও দাবি করেন, দলীয় ভাবমূর্তি রক্ষার জন্য জামায়াতকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তবে আব্দুল কাদেরের এসব মন্তব্যের বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।