জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে বাংলাদেশকে ‘ফিলিস্তিনের মতো’ পরিস্থিতির দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
শনিবার (২২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক নুর বলেন, জামায়াতে ইসলামীকে তিনি একটি ‘হঠকারী ও উগ্রবাদী গোষ্ঠী’ হিসেবে দেখেন। তার দাবি, দলটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের শুরু থেকেই হঠকারী রাজনীতি করে আসছে। জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তা দেশের জন্য ইতিবাচক হবে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে জামায়াত হয়তো ১৫ থেকে ২০টি আসন পেতে পারত। সে ক্ষেত্রে দলটি কীভাবে প্রধান বিরোধী দল হতে পারত—এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
জামায়াতের সঙ্গে বিদেশি কূটনীতিকদের সাম্প্রতিক যোগাযোগের বিষয়েও মন্তব্য করেন নুর। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আগে জামায়াতের সঙ্গে কোনো রাষ্ট্রদূতের এ ধরনের বৈঠক দেখা যায়নি। কিন্তু বর্তমানে বিভিন্ন রাষ্ট্রদূত জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করছেন। তার মতে, এ ধরনের যোগাযোগ জামায়াতকে রাজনৈতিকভাবে ‘স্পেস’ তৈরি করে দিচ্ছে।
নুরের আশঙ্কা, ভবিষ্যতে এসব কূটনৈতিক যোগাযোগকে কেন্দ্র করে বাংলাদেশে উগ্রবাদের উত্থান নিয়ে নতুন ধরনের আন্তর্জাতিক চাপ তৈরি হতে পারে।
এ সময় জামায়াতের বিষয়ে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে নুর বলেন, জামায়াতে ইসলামীর মতো একটি দলের রাজনৈতিক উত্থান দেশের জন্য কতটা ইতিবাচক হবে, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।