জাপান সফরে কাঁটা চামচ ব্যবহারের দক্ষতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়া আম জনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমানের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেত্রী ও সংসদ সদস্য মানসুরা আলম। তিনি বলেছেন, কাঁটা চামচ ব্যবহার করতে না জানলেও তারেক রহমান একজন ‘জেনুইন মানুষ’।
শুক্রবার (৩০ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তারেক রহমানকে নিয়ে চলা আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন মানসুরা আলম।
পোস্টে তিনি আশির দশকের একটি ঘটনার স্মৃতিচারণা করেন। মানসুরা জানান, কয়েক দিন আগে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এক ব্যক্তি একটি অনুষ্ঠানে অতীতের একটি ঘটনা তুলে ধরেন। সেখানে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।
ওই ব্যক্তির বর্ণনা অনুযায়ী, আশির দশকের কোনো এক সময়ে তিনি ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ একই সময়ে সংসদ সদস্য ছিলেন অথবা গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। একবার রাষ্ট্রীয় সফরে গিয়ে মুজাহিদ টেবিলের শিষ্টাচার বা টেবিল এটিকেট বুঝতে পারছিলেন না। তখন ওই ব্যক্তি তাকে বিষয়টি শিখিয়ে দেন। পরবর্তী সময়ে এ জন্য মুজাহিদ একাধিকবার তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মানসুরা লেখেন, ওই ব্যক্তির পারিবারিক ও সামাজিক অবস্থান তুলনামূলক সচ্ছল হওয়ায় টেবিলের শিষ্টাচার সম্পর্কে জানা তার জন্য স্বাভাবিক ছিল। অন্যদিকে, মুজাহিদকে বিষয়টি শিখে নিতে হয়েছিল। তবে ওই ব্যক্তি এটিকে লজ্জার বিষয় হিসেবে দেখেননি। বরং রাষ্ট্রীয় দায়িত্ব পালনের প্রয়োজনে প্রয়োজনীয় শিষ্টাচার শিখে নেওয়াকে ইতিবাচকভাবে দেখেছিলেন।
এরপর তারেক রহমানের কাঁটা চামচ ব্যবহার নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে মানসুরা বলেন, যারা এ বিষয়টি নিয়ে ট্রল করছেন, তাদের নিজেদের সামাজিক ও শিক্ষাগত পটভূমিও বিবেচনা করা উচিত। এ সময় সমালোচকদের জীবনযাপন, শিক্ষা ও সুযোগ-সুবিধা নিয়েও মন্তব্য করেন তিনি। পাশাপাশি ‘সাব-অলটার্নের ক্ষমতায়ন’ ধারণার প্রসঙ্গ টেনে তাদের বক্তব্যের সমালোচনা করেন।
পোস্টের শেষাংশে মানসুরা লেখেন, ‘তারেক সাহেব জেনুইন মানুষ। কাঁটা চামচ ব্যবহার না জানলে তিনি হাত দিয়ে নুডুলস খাবেন দরকার পড়লে। নিজেকে সাব অল্টার্ন ক্ষমতাবাদী দাবি করা রাজমিস্ত্রির ছেলেরা কি পারবে এই জেনুইনিটি ধারণ করতে?’