বিলাসবহুল লং ড্রাইভ ও জনসভার রাজনীতি বাদ দিয়ে বিরোধী দলকে জনসেবামূলক কাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, শুধু ফটোসেশনের জন্য ঝাড়ু হাতে রাস্তায় নামলে হবে না, বরং সরকারি ও বিরোধী দল মিলে দেশ থেকে ফ্যাসিবাদের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করতে হবে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসায় মোবাইল ফিভার ক্লিনিকের সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলকে উদ্দেশ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘১ হাজার ৫০০ গাড়ি নিয়ে বিলাসবহুল লং ড্রাইভে যাওয়া বাদ দিন। মানুষকে নিয়ে ময়লা পরিষ্কার করুন, এলাকার জঞ্জাল পরিষ্কার করুন। শুধু এলাকার ময়লা নয়, সারা দেশে ফ্যাসিবাদ যে জঞ্জাল রেখে গেছে, সরকারি ও বিরোধী দল মিলে চলুন সেই জঞ্জাল একসঙ্গে পরিষ্কার করি।’
তিনি আরও বলেন, বিরোধী দলের একটি অংশ এখনো জনসভা ও বক্তৃতার রাজনীতিতে আটকে রয়েছে। অথচ প্রধানমন্ত্রী দেশে জনসেবার নতুন রাজনীতির সূচনা করেছেন। শুধু দু-এক দিন ভোরে ঝাড়ু হাতে ফটোসেশন না করে দলমত নির্বিশেষে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
মিরপুরের মোবাইল ফিভার ক্লিনিকের কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, এটি শুধু জ্বর পরীক্ষার কেন্দ্র নয়, বরং ছোট পরিসরে একটি পূর্ণাঙ্গ হাসপাতালের মতো সেবা দেবে। এখানে ডেঙ্গু পরীক্ষার পাশাপাশি গাইনি, শিশু ও চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, মা ও শিশুর পুষ্টিসেবা এবং পরিবার পরিকল্পনা সেবা বিনামূল্যে দেওয়া হচ্ছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।