রাবি প্রতিনিধি: এম এ আতিকুর রহমান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘চতুর্থ ট্যুরিজম ফেয়ার অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল-২০২৬’। বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে এ মেলা অনুষ্ঠিত হবে।
মেলায় থাকছে বৈচিত্র্যময় খাবার, দেশীয় হস্তশিল্প ও উদ্যোক্তাদের বিভিন্ন উদ্যোগ। পাশাপাশি দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসংগীত, নৃত্য পরিবেশনা, আলোচনা সভা ও শিক্ষার্থীদের পরিবেশনা।
বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহিদ হোসেন বলেন, ‘পর্যটনশিল্পের বিকাশ, দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রচার এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনের ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা আশা করি, এ মেলা শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে পর্যটন সম্পর্কে আগ্রহ বাড়ানোর পাশাপাশি নতুন সম্ভাবনা তুলে ধরবে।’
বিভাগের অধ্যাপক ড. মো. এনায়েত হোসাইন বলেন, ‘ট্যুরিজম ফেয়ার অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা পর্যটন, আতিথেয়তা, খাদ্যসংস্কৃতি ও উদ্যোক্তা কার্যক্রম সম্পর্কে আরও বিস্তৃত ধারণা লাভ করতে পারবে।’
আয়োজক সূত্রে জানা গেছে, মেলার প্রথম দুই দিনের সন্ধ্যায় নৃত্য পরিবেশন করবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাব। এ ছাড়া চার দিনই থাকছে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা।
সূচি অনুযায়ী, ৪ নভেম্বর ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা, সংগীতানুষ্ঠান ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাবের নৃত্য পরিবেশনা থাকবে। ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে আলকাপ গান, নৃত্য পরিবেশনা ও ক্লাবটির নৃত্য পরিবেশনা। ৬ নভেম্বর থাকবে গম্ভীরা গান ও শিক্ষার্থীদের পরিবেশনা। আর ৭ নভেম্বর আলকাপ গান, ‘মেলোডি অব বিডি’ এবং ‘অগ্নি অ্যালায়েন্স’-এর নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হবে।
আয়োজকদের প্রত্যাশা, এ মেলার মাধ্যমে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রচারের পাশাপাশি পর্যটনশিল্পের সম্ভাবনা তুলে ধরা এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্যোক্তা হওয়ার আগ্রহ বিকাশের সুযোগ তৈরি হবে।
চার দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। আয়োজকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের দর্শনার্থীদের মেলায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।