সাত দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠাই তাঁদের লক্ষ্য। দাবি আদায় না করে তাঁরা ঘরে ফিরবেন না।
শনিবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া গোলচত্বরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, লংমার্চের বহর ভাটিয়াপাড়ায় পৌঁছালে হাজারো নারী-পুরুষ তাঁদের স্বাগত জানান। এ সময় উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দেন শফিকুর রহমান।
তিনি বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গড়ার আন্দোলন অব্যাহত থাকবে। ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি বাস্তবায়নে গোপালগঞ্জবাসীর সমর্থনও প্রত্যাশা করেন তিনি।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, জনতার উচ্ছ্বাসের প্রতি সম্মান জানিয়ে জামায়াত আমির সাত দফা দাবি আদায়ে অনড় থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
পথসভা শেষে লংমার্চের বহর খুলনার উদ্দেশে রওনা হয়। পথে খুলনা, যশোর ও ঝিনাইদহে একাধিক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে নেতাদের। সবশেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।
উল্লেখ্য, সাত দফা দাবি আদায়ে এর আগে গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করেছিল ১১ দলীয় ঐক্য।