২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ। বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন মিলিয়ে প্রতিষ্ঠানটির পাসের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ। এবার মোট ৩১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
কলেজ কর্তৃপক্ষ জানায়, এ বছর প্রতিষ্ঠানটি থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ২ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ইংরেজি ভার্সনে পাসের হার শতভাগ।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে ২ হাজার ৩২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৯৯ দশমিক ৮৩ শতাংশ। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ২৮৩ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ৯৯ দশমিক ৬২ শতাংশ। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১২ জন। অন্যদিকে, মানবিক বিভাগে ৩১৯ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।
ফল প্রকাশের পর কলেজ ক্যাম্পাসে আনন্দ-উৎসবের পরিবেশ তৈরি হয়। কৃতী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা একত্র হয়ে সাফল্য উদযাপন করেন। বাদ্যযন্ত্র বাজানোর পাশাপাশি শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয়।
অভিভাবকেরা জানান, প্রত্যাশিত ফলাফল তাঁদের সন্তানদের ভবিষ্যৎ স্বপ্ন পূরণে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। এ সাফল্যের জন্য তাঁরা কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, একবার ভালো ফল করা চমক হতে পারে, কিন্তু বছরের পর বছর ধারাবাহিকভাবে ভালো ফল ধরে রাখা একটি প্রতিষ্ঠানের জন্য বড় চ্যালেঞ্জ। নিয়মানুবর্তিতা ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে মাইলস্টোন কলেজ সেই ধারাবাহিকতা বজায় রাখছে। তিনি এ সাফল্যের জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানান।