রাজধানীর মিরপুর-১০ এলাকায় উচ্ছেদ অভিযান নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সমালোচনা করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সস্তা রাজনীতি করতে এসেছেন জামায়াত আমির। এ জন্য তাঁর জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর মিরপুরে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণায় অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।
মীর শাহে আলম বলেন, বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে। জনগণ যাতে সন্তুষ্ট থাকে, সে অনুযায়ী সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। বিএনপি কোনো ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি বলেও দাবি করেন তিনি।
সরকারের জবাবদিহি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার সাত মাসের মধ্যে কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে প্রমাণ হয়, প্রধানমন্ত্রী কাউকে ছাড় দিচ্ছেন না।
ইশরাক হোসেনের অস্ত্র হাতে ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, মাদকবিরোধী অবস্থান ইতিবাচক হলেও তাঁর লড়াইয়ের পদ্ধতি সঠিক ছিল না।
জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রসঙ্গ টেনে মীর শাহে আলম বলেন, তাঁকে দল থেকে বহিষ্কার করা হলেও সংসদ সদস্য পদ থেকে সরানো হয়নি। এ বিষয়ে জামায়াত আমিরের সমালোচনা করে তিনি বলেন, সংসদ সদস্য পদ থেকে তাঁকে সরানো হলে জনগণের আস্থা বাড়ত।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের ভোট কমে যাওয়ার পেছনেও এসব বিষয় ভূমিকা রেখেছে বলে দাবি করেন প্রতিমন্ত্রী।
এদিকে, সরকারের ভুলত্রুটি ও ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, লোডশেডিংয়ের কারণে প্রধানমন্ত্রী জাতির কাছে ক্ষমা চেয়েছেন এবং সমস্যা সমাধানে পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে বিরোধী দল এ বিষয়েও সস্তা রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি।
একই অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বিরোধী দলকে জনসভার রাজনীতির পরিবর্তে জনসেবামূলক কাজে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিলাসবহুল গাড়িবহর নিয়ে ঘোরার পরিবর্তে এলাকার ময়লা পরিষ্কারসহ দেশের বিভিন্ন সমস্যা সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।