গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
আজ শনিবার (৩১ অক্টোবর) খুলনার শিববাড়ি মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত একের পর এক কর্মসূচি দেয়া হবে বলে জানান তিনি। প্রয়োজনে খুলনা থেকে ঢাকায় যাওয়ার কর্মসূচি দেয়া হলে গ্রামবাংলার মানুষকে সঙ্গে নিয়ে ঢাকায় যাওয়ারও আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি একের পর এক আরও জোরালো করা হবে। প্রয়োজনে খুলনা থেকে ঢাকায় যাওয়ার ডাক দেয়া হবে। তখন গ্রামের প্রতিটি ঘর থেকে মানুষকে ঢাকায় যাওয়ার প্রস্তুতি রাখার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, তাদের দাবিগুলো কোনও দলীয় বা নির্বাচনী দাবি নয়; বরং দেশের প্রত্যেক নাগরিকের দাবি। জুলাই গণহত্যাসহ গত সাড়ে ১৫ বছরে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, চাঁদাবাজি বন্ধ, অর্থ পাচার রোধ এবং কৃষকের সার নিশ্চিত করার দাবিতে তারা মাঠে নেমেছেন।
সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এখন গণভোটের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। কার্ড বিতরণের প্রচার করা হলেও সাধারণ মানুষ এর সুফল পাচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুতের বিলের মাধ্যমে জনগণের ওপর বাড়তি চাপ তৈরির অভিযোগ করেন।