কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, জাতীয় সংকট থাকলেও আন্তর্জাতিক পরিস্থিতি আরও জটিল। তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও অধ্যাপক মুহাম্মদ ইউনূসের তুলনায় অনেক ভালোভাবে দেশ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে জেলা কৃষক শ্রমিক জনতা লীগের প্রয়াত সভাপতি আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারতের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী বলেন, “জাতীয় সংকট তো আছেই, তবে আন্তর্জাতিক সংকট আরও বড়। তারপরও অধ্যাপক ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান। তবে দেশ পরিচালনায় মানুষের নিরাপত্তা আরও নিশ্চিত করতে হবে এবং নিত্যপণ্যের দাম কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীকে এখনই সরাসরি বিরোধিতা করার কোনো যৌক্তিকতা আমি দেখি না। আপাতত তাকে অনুসরণ করাই উচিত।”
শেখ হাসিনার সাম্প্রতিক কর্মসূচির প্রসঙ্গ টেনে কাদের সিদ্দিকী বলেন, এসব ঘোষণার কারণে আওয়ামী লীগের অনেক নিরীহ নেতাকর্মী বিপাকে পড়ছেন। তার ভাষ্য, শেখ হাসিনার একটি ঘোষণার পর থেকেই অনেক সাধারণ নেতাকর্মী গ্রেপ্তার হচ্ছেন এবং আইনি জটিলতায় পড়ছেন।
পরে কাদের সিদ্দিকী প্রয়াত নেতা আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত করেন এবং মোনাজাতে অংশ নেন। এ সময় জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।