রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো স্বৈরতান্ত্রিক পথে হাঁটবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর দাবি, রাষ্ট্র পরিচালনায় ব্যক্তি পরিবর্তন হলেও স্বৈরতান্ত্রিক কাঠামো এখনো বদলায়নি।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে মুন্সিগঞ্জ শহরের কাচারি এলাকার একটি পার্টি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি অতীতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে সহযোগিতা করেনি এবং ক্ষমতায় গিয়ে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সংশয় প্রকাশ করে তিনি বলেন, বিএনপি নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা করছে। মাঠপর্যায়ে এমন চেষ্টা হলে দলটিকে আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়েও বিএনপির সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে দলটি। এনসিপি এ ধরনের উদ্যোগ প্রতিহত করবে বলেও জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই বিভিন্ন সময়ে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কার না হলে রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না।
সভায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারজিস আলম জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়ন পরিষদে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। সভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।