লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ হয়ে গেছে এবং দলটি আর বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে না। শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কর্নেল অলি বলেন, ১৯৪৭ সালের পর মুসলিম লীগ যেমন ধীরে ধীরে রাজনৈতিকভাবে বিলুপ্ত হয়েছে, তেমনি আওয়ামী লীগেরও স্বাভাবিক রাজনৈতিক মৃত্যু হয়েছে। তাঁর দাবি, দলের অনেক নেতাকর্মী ইতোমধ্যে অন্য রাজনৈতিক দলে যোগ দেওয়ার চেষ্টা করছেন।
বক্তব্যে তিনি ভারতের বিভিন্ন ইস্যু, শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের রাজনীতিক শুভেন্দু অধিকারীকে নিয়েও মন্তব্য করেন। পাশাপাশি তিনি বলেন, উসকানিমূলক বক্তব্যে বাংলাদেশের মানুষ বিভ্রান্ত হবে না এবং দেশের জনগণ শান্তি ও স্থিতিশীলতা চায়।
১১ দলীয় ঐক্যের লক্ষ্য ব্যাখ্যা করে এলডিপি সভাপতি বলেন, এই জোটের উদ্দেশ্য দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ করে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। তিনি আরও বলেন, বিরোধী দল সরকারের শত্রু নয়; বরং দেশের স্বার্থে গঠনমূলক ভূমিকা রাখতে চায়।
প্রধানমন্ত্রীর উদ্দেশে কর্নেল অলি বলেন, মন্ত্রীদের নিজ নিজ দায়িত্ব পালনে আরও মনোযোগী হতে হবে। ত্রাণ বিতরণের মতো প্রশাসনিক কাজে অযথা সম্পৃক্ত না হয়ে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার আহ্বান জানান তিনি।