জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জনগণের প্রত্যাশিত সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হলে বর্তমান বিএনপি সরকারের রাজনৈতিক ভবিষ্যৎ সংকটে পড়তে পারে। শুক্রবার (১৯ জুন) বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারঘাট এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের দাবিতে এনসিপি কাজ করছে। দুর্নীতি, ব্যাংক খাতের অনিয়ম এবং জনগণের অর্থ লুটপাটের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য জনসমর্থন গড়ে তোলা হচ্ছে বলেও জানান তিনি।
তিনি দাবি করেন, দেশের জনগণ সংস্কারের পক্ষে মত দিয়েছে। তাই সরকারের উচিত দ্রুত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা। অন্যথায় জনগণের প্রত্যাশা পূরণ না হলে সরকারের প্রতি আস্থা কমে যেতে পারে।
বাগেরহাটের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন রাজনৈতিক প্রভাব থাকলেও জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। ভবিষ্যতে এনসিপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে হযরত খানজাহান আলী (রহ.)-এর নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী মাজার জিয়ারত করেন এবং ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন করেন। পরে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং দলের নেতাকর্মীদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন।