পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ ও নদী ড্রেজিং করা গেলে তিস্তাপাড়ের মানুষকে নদীভাঙন ও বন্যার ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হবে।
শুক্রবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে অবসর রেস্ট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ভারতের গজলডোবা ব্যারাজ থেকে ছেড়ে দেওয়া পানির প্রবল স্রোতের কারণে তিস্তা নদীতে ভাঙন বেড়েছে এবং অনেক এলাকায় বসবাস কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় পরিকল্পিত ড্রেজিং ও টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা শুধু উত্তরাঞ্চলের জন্য নয়, পুরো দেশের অর্থনীতি ও কৃষি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষজ্ঞ ও কারিগরি দলের সদস্যদের নিয়ে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, প্রকল্পটি বাস্তবায়নে কয়েক বছর সময় লাগতে পারে। তবে এটি সম্পন্ন হলে তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, কৃষি উৎপাদন বাড়বে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সংসদ সদস্য এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।