মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোসক হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান বলে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী বেসামরিক নাগরিকদের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং আইন লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংঘাত প্রতিরোধে বিনিয়োগ বৃদ্ধি এবং মানবিক, শান্তি ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
তিনি নারী ও কিশোরীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর হয়রানি ও অপব্যবহার বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে এ ধরনের হুমকি মোকাবিলায় একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম গঠনের আহ্বান পুনর্ব্যক্ত করেন।
শামা ওবায়েদ রোহিঙ্গা নারী ও কিশোরীদের সহায়তায় অর্থায়ন সংকটের নেতিবাচক প্রভাবের বিষয়েও উদ্বেগ জানান। তিনি বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র টেকসই সমাধান।
অনুষ্ঠানের ফাঁকে তিনি ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. নগুয়েন মিন ভুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।