জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগের মাধ্যমে সরকার একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে। তবে দেশের জনগণ এমন ব্যবস্থা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার সকালে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মহানগর জামায়াতে ইসলামীর আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের মতামত উপেক্ষা করে একদলীয় শাসন চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণই তার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে। ইতিহাসে একদলীয় শাসনব্যবস্থা কখনো দীর্ঘস্থায়ী হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ও শহীদদের আত্মত্যাগের ফলেই দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাই শহীদ পরিবার, আহত ও পঙ্গুদের অবদানকে খাটো করে দেখা বা উপহাস করা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।
সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, অতীতের মতো বিরোধী দলকে হেয় প্রতিপন্ন করার রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। একই সঙ্গে চাঁদাবাজি, দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।