প্রস্তাবিত বাজেট ঘোষণার পর রাজধানীর বাজারে চালের দাম কিছুটা বেড়েছে, তবে ডিম ও ব্রয়লার মুরগির দাম কমেছে। অন্যদিকে সবজি, আলু ও পেঁয়াজের বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বিশ্লেষণে এমন চিত্র পাওয়া গেছে।
বর্তমানে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৫০ থেকে ১৬০ টাকা, সোনালি মুরগি ৩২০ টাকা এবং ডিম প্রতি ডজন ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, বাজেটে এসব পণ্যের ওপর নতুন কোনো কর বা শুল্ক আরোপ না হওয়ায় ঈদের আগের তুলনায় দাম কিছুটা কমেছে।
মাছের বাজারেও বড় ধরনের পরিবর্তন নেই। অধিকাংশ মাছ আগের দামের কাছাকাছি বিক্রি হচ্ছে, যদিও আকার ও জাতভেদে চিংড়ির দাম তুলনামূলক বেশি, প্রতি কেজি ৫৫০ থেকে ৯০০ টাকা।
এদিকে বাজারে সবজির সরবরাহ ভালো থাকায় অধিকাংশ সবজির দাম ৫০ থেকে ৮০ টাকার মধ্যে রয়েছে।
অন্যদিকে টিসিবির তথ্য অনুযায়ী, গত এক মাসে চিকন চালের দাম ১ দশমিক ২৯ শতাংশ বেড়েছে। বর্তমানে চিকন চাল প্রতি কেজি ৭২ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি মানের চালের দাম বেড়ে ৫৫ টাকা এবং মোটা চালের দাম বেড়ে ৫২ টাকায় পৌঁছেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, ডিম ও মুরগির দামে স্বস্তি ফিরলেও চালের মূল্যবৃদ্ধি সাধারণ ভোক্তাদের জন্য নতুন চাপ তৈরি করছে।