বিভিন্ন দেশি ফলের প্রদর্শনী, ফলের রস আস্বাদন এবং দেশাত্মবোধক গানের পরিবেশনায় শুক্রবার উৎসবমুখর হয়ে ওঠে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। ৪২ ধরনের দেশি ফল নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয় জাতীয় প্রেস ক্লাবের থিম সং ‘প্রেস ক্লাব আমাদের সেকেন্ড হোম’ পরিবেশনের মাধ্যমে।
উৎসবে আম, কাঁঠাল, লিচু, জাম, জামরুল, পেয়ারা, লটকন, করমচা, আনারস, তরমুজ, বাঙ্গি, ড্রাগনসহ নানা মৌসুমি ও দেশি ফল প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ফলের স্বাদ গ্রহণ করেন এবং সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন তামান্না হক, শাহরিয়ার রাফাত, মিনি আলাউদ্দিন ও বাবু।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন অনুষ্ঠানের উদ্বোধন করেন। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরী।
এ সময় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য, সিনিয়র সাংবাদিক ও ক্লাব সদস্যরা সপরিবারে উপস্থিত ছিলেন।