সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন-আল-রশিদের নামাজে জানাজা শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। জানাজা পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী মো. আবু রায়হান।
জানাজার শুরুতে মরহুমের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য মো. খালেদ হোসেন মাহবুব। অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এবং পরিবারের প্রতিনিধি কামাল হোসেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, হারুন-আল-রশিদ একজন বিশিষ্ট সংসদ সদস্য ও জাতীয়তাবাদী রাজনীতির নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সততা, প্রজ্ঞা ও গণতন্ত্র পুনরুদ্ধারে অবদানের জন্য হারুন-আল-রশিদ স্মরণীয় হয়ে থাকবেন।
জানাজা শেষে স্পিকার, বিএনপি নেতৃবৃন্দ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা মরহুমের প্রতি শ্রদ্ধা জানান। পরে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, হারুন-আল-রশিদ ১৮ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। জানাজায় মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।