পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের জন্য শাস্তির বিধান যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। নতুন বিধান অনুযায়ী, পরীক্ষার ফলাফল বা মেধাতালিকায় হ্যাকিং কিংবা অবৈধভাবে পরিবর্তন করলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও জরিমানার মুখোমুখি হতে হবে।
শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত লিডার্স ট্রেনিং সেমিনারে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা বৈশ্বিক নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করে। এ লক্ষ্যেই সরকার শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলছে।
তিনি আরও বলেন, শুধু উচ্চশিক্ষার বিস্তার ঘটিয়ে বেকারত্ব বাড়ানো যাবে না। তাই সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
এহসানুল হক মিলন জানান, শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বাড়াতে ষষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।