দেশে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ হাজার ৭৮ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৪ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৯৮২ জনে।
একই সময়ে ৯৬ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে ১০ হাজার ৮৬৯ জনে পৌঁছেছে।
এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ১৫৬ জন। তাদের মধ্যে ৭১ হাজার ৩৯৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যুর ঘটনায় ১৫ মার্চ থেকে সন্দেহজনক হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৭৭ জনে দাঁড়িয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হাম রোগে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৮ জুন পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে।