জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বর্তমান সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে বলেছেন, আওয়ামী লীগের ছিল বঙ্গবন্ধু, আর এ সরকারের আছে ‘কার্ডবন্ধু’।
শনিবার চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিত ১১-দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ প্রধান বলেন, দেশের জনগণ বর্তমানে নানামুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনদুর্ভোগের বিষয়গুলোতে সরকারের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনলে মনে হয় তিনি বাংলাদেশের নয়, বরং অন্য কোনো দেশের প্রতিনিধিত্ব করছেন।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরীও বক্তব্য দেন। তিনি বলেন, শহীদ ওসমান হদি ন্যায়বিচার ও ইনসাফের পক্ষে কথা বলেছেন। তার হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এর আগে সমাবেশে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছান জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
গণরায়ের বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে ১১-দলীয় ঐক্য এ সমাবেশের আয়োজন করে।