অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, এখন পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পর্ব অত্যন্ত ভালোভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “উই আর ভেরি হ্যাপি।”
প্রধান উপদেষ্টা বলেন, সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করা। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, আগামী এক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
পরে শনিবার রাতে যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার বক্তব্যের সারসংক্ষেপ তুলে ধরেন।
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন, সারা দেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে। প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে কটু বা অশালীন বক্তব্য দিচ্ছেন না এবং কোথাও কোনো অভদ্র আচরণের ঘটনাও ঘটছে না।
প্রধান উপদেষ্টা এ পরিস্থিতিকে দেশের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য একটি অত্যন্ত ইতিবাচক পরিবর্তন বলে উল্লেখ করেন।