পোশাকশ্রমিকদের আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানানোয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একই সঙ্গে রাজনৈতিক অবস্থান নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে নাহিদ ইসলামকে চুপ থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ছাত্রদল সভাপতি।
পোস্টে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, জামায়াতের বি-টিমের মুখপাত্র নাহিদ ইসলামের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান প্রত্যাখ্যান করে অধিকাংশ পোশাক কারখানার শ্রমিক কাজে ফিরেছেন। এভাবে নিজেকে হাস্যকর হিসেবে উপস্থাপন না করার জন্য নাহিদকে অনুরোধ করেন তিনি।
তিনি আরও লেখেন, দেশের পক্ষে অবস্থান নিতে না পারলে প্রয়োজনে নীরব থাকুন। তবে জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক হিসেবে নিজের ভাবমূর্তি ক্ষুণ্ন না করার আহ্বান জানান তিনি।
এর আগে বুধবার (৪ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত পোশাকশ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় বাধা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় আহত নেতাকর্মীদের দেখতে যান নাহিদ ইসলাম।
সেখানে তিনি শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শ্রমিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে ন্যায্য, অহিংস ও শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সমর্থন জানান।