এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) ১৩তম সাধারণ অধিবেশনে ভাইস চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দ্য শিলা সিউল হোটেলে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম প্ল্যানারি সেশনে বক্তব্য দেন তিনি।
বক্তব্যে বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতা, সংঘাত ও আস্থার সংকট মোকাবিলায় গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান ইসমাইল জবিউল্লাহ।
সম্মেলনের প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’ উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধির জন্য পারস্পরিক আস্থা পুনঃপ্রতিষ্ঠা জরুরি। গণতন্ত্র শুধু নির্বাচনী প্রক্রিয়া নয়, বরং জনগণের সঙ্গে রাষ্ট্রক্ষমতায় থাকা ব্যক্তিদের একটি সামাজিক চুক্তি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সংলাপের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বাসী বলেও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে মানবাধিকারের ক্ষেত্রে বৈষম্যহীন আন্তর্জাতিক নীতি অনুসরণের আহ্বান জানান তিনি। অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করার ওপরও গুরুত্ব দেন এই উপদেষ্টা।
দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন মিনজু পার্টি ও বিরোধী পিপল পাওয়ার পার্টির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।