জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক টাইমলাইনে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে দলের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে দীর্ঘদিনের মতপার্থক্যের কথাও তুলে ধরেন।
ফেসবুক পোস্টে সামান্তা শারমিন জানান, প্রায় এক বছর আগে এনসিপির জোট গঠন নিয়ে তিনি ভিন্ন অবস্থান নিয়েছিলেন। তার মতে, জামায়াতে ইসলামী নীতিগত কিংবা কৌশলগত কোনো বিবেচনাতেই এনসিপির মিত্র হওয়ার যোগ্য নয়। দলটির সঙ্গে জোট করলে এনসিপিকে বড় মূল্য দিতে হবে বলেও সতর্ক করেছিলেন তিনি।
গত ২৩ অক্টোবর ঘোষিত এনসিপির নতুন কমিটিতে তাকে শুধু যুগ্ম আহ্বায়কের পদে রাখা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হয়। পরে এ বিষয়ে দীর্ঘ বক্তব্যও দেন তিনি।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে সামান্তা লেখেন, গত ১১ মাস ধরে দলের বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ, প্রস্তাব এবং আলোচনা-সমালোচনার মাধ্যমে নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরেছেন। দলের নীতিগত ভুলগুলো সংশোধনের জন্য অভ্যন্তরীণ মতাদর্শিক লড়াই চালিয়ে গেছেন।
তবে এনসিপি তার প্রতিষ্ঠাকালীন মূল্যবোধের প্রতি আর আন্তরিক থাকতে পারবে বলে মনে করেন না তিনি। পুরোনো রাজনৈতিক ব্যবস্থার বাইরে দলটি নিজস্ব পরিচয়, চিন্তা ও কর্মসূচি গড়ে তুলতে পারবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন।
সামান্তা শারমিন আরও বলেন, পুরোনো রাজনৈতিক ব্যবস্থার দলগুলো নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক না হয়ে বরং বাধা হয়ে দাঁড়াবে। দলের সঙ্গে দীর্ঘদিনের মতপার্থক্য ও আলোচনার বিষয়গুলো ভবিষ্যতে সবার সামনে তুলে ধরার কথাও জানান তিনি।