জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার ইঙ্গিত দিয়েছেন দলটির সাবেক যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেছেন, মানুষকে বিভক্ত নয়, বরং ঐক্যবদ্ধ করবে—এমন একটি রাজনৈতিক শক্তির প্রয়োজন এখনো রয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক টাইমলাইনে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ কথা বলেন।
সামান্তা শারমিনের মতে, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে তরুণদের নেতৃত্বে এমন একটি শক্তি গড়ে ওঠার প্রত্যাশা ছিল, যা প্রচলিত রাজনৈতিক বিভাজনের বাইরে গিয়ে ভিন্নমত ও ভিন্ন পরিচয়ের মানুষকে ঐক্যবদ্ধ করবে। তবে সংকীর্ণ রাজনৈতিক হিসাব ও বিভিন্ন সিদ্ধান্তের কারণে সেই সম্ভাবনা হারিয়ে যাচ্ছে।
তিনি বলেন, নতুন রাজনৈতিক শক্তির ভিত্তি হতে হবে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের অভিন্ন অঙ্গীকার। কোনো নির্দিষ্ট ধর্মীয় পরিচয় বা মতাদর্শের ভিত্তিতে নয়, বরং সব মত ও বিশ্বাসের মানুষকে সঙ্গে নিয়েই এ উদ্যোগ এগিয়ে নিতে হবে।
পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। ভারত, যুক্তরাষ্ট্র, চীনসহ যেকোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একই নীতি অনুসরণের ওপর জোর দেন।
এ ছাড়া নারীর রাজনৈতিক অংশগ্রহণ, জাতীয় পুঁজির বিকাশ, দেশীয় উৎপাদন, কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক বৈষম্য কমানোর বিষয়েও সুস্পষ্ট রাজনৈতিক অবস্থানের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
সামান্তা শারমিন বলেন, নতুন দল গঠনই মূল চ্যালেঞ্জ নয়; বরং ভিন্নমতকে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক ঐক্য গড়ে তোলাই গুরুত্বপূর্ণ। এ উদ্যোগে আগ্রহীদের সঙ্গে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।