অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে এক অনন্য অর্জন, যা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার নতুন সুযোগ সৃষ্টি করেছে।
প্রধান উপদেষ্টা জানান, এই অর্জনকে স্থায়ী রূপ দিতে সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। সনদ কার্যকর করতে জনগণের সম্মতি প্রয়োজন বলেই গণভোটের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট মানে বৈষম্য, শোষণ ও নিপীড়নমুক্ত বাংলাদেশ গঠনের পথে এগিয়ে যাওয়া। এতে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দলের যৌথ অংশগ্রহণ নিশ্চিত হবে এবং রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে জনগণের সম্মতি বাধ্যতামূলক হবে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে, সংসদে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি পাবে এবং একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।
ভিডিও বার্তার শেষে তিনি সবাইকে নিজে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পাশাপাশি অন্যদেরও গণভোটে অংশ নিতে ও ‘হ্যাঁ’ ভোট দিতে উৎসাহিত করার আহ্বান জানান।