জুলাই সংস্কার পরিষদ গঠন এবং এর শপথ গ্রহণের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। এ বিষয়ে নতুন করে কোনো সংলাপ বা সময়ক্ষেপণের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তিনি।
একই দিনে গণভোট ও সংসদীয় নির্বাচন আয়োজনের সিদ্ধান্তকে ভুল উল্লেখ করে এর জন্য চড়া মূল্য দিতে হচ্ছে বলেও দাবি করেন এই আইনজীবী।
রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।
পোস্টে তিনি বলেন, ‘আর কোনো ‘সংলাপ’ নামক নাটক বা সময়ক্ষেপণের সুযোগ নেই। অনেক নাটক দেখা হয়েছে, অনেক আশ্বাসের বুলি শোনা হয়েছে; আমাদের দাবি স্পষ্ট, আমরা চাই জুলাই সংস্কার পরিষদ এবং জুলাই সংস্কার পরিষদের শপথ।’
গণভোট ও সংসদীয় নির্বাচনের সময়সূচি নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন তিনি। শাহরিয়ার কবির বলেন, আগে দাবি ছিল গণভোটের, এরপর সংসদীয় নির্বাচনের। কিন্তু সেই পথ থেকে সরে এসে একই দিনে গণভোট ও সংসদীয় নির্বাচন করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটি ভুল ছিল। এখন সেই সিদ্ধান্তের চড়া মাসুল দিতে হচ্ছে।
তিনি আরও বলেন, ‘সংস্কার পরিষদের শপথ ছাড়া ঐক্যের পথ খোলা নেই।’
নিজের বক্তব্যে এই দাবির বিরোধিতাকারীদেরও কঠোর ভাষায় সমালোচনা করেন শাহরিয়ার কবির। তার ভাষ্য, যারা এই পথে বাধা হয়ে দাঁড়াবে এবং দেশের ৭০ ভাগ মানুষের রায় ও আকাঙ্ক্ষাকে পদদলিত করার চেষ্টা করবে, তারা এই মাটিতে নব্য মীরজাফর হিসেবে চিহ্নিত হবে।
ফেসবুক পোস্টে জুলাই সংস্কার পরিষদ গঠন ও শপথ গ্রহণের দাবিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। একই সঙ্গে গণভোট ও সংসদীয় নির্বাচন একই দিনে আয়োজনের সিদ্ধান্তের সমালোচনা করে তিনি এ বিষয়ে নতুন করে সংলাপের পরিবর্তে সংস্কার পরিষদের শপথের ওপর গুরুত্ব দিয়েছেন।