মো: হোসাইন,মনপুরা উপজেলা প্রতিনিধি
কয়েক মাসের পরিশ্রম, ঋণ ও ধারদেনা করে ধান আবাদ করেছিলেন কৃষকরা। স্বপ্ন ছিল, পাকা ধান ঘরে তুলে ঋণ পরিশোধ করবেন, পরিবারের অভাব ঘোচাবেন।
কিন্তু সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে টানা চার দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ও ঝোড়ো বাতাসে হাজার হাজার হেক্টর জমির পাকা আমন ধান নুয়ে পড়েছে। জমিতে পানি জমে থাকায় বন্ধ রয়েছে ধান কাটা। অন্যদিকে, কেটে রাখা পাকা ধানও বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে মনপুরা উপজেলায় ৮ হাজার ৯০৯ হেক্টরের বেশি জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে এখনো ৬ হাজার ৬৪০ হেক্টর জমির ধান কাটা হয়নি।
অর্থাৎ, উপজেলার মোট আমন আবাদি জমির বড় একটি অংশের ধান এখনও মাঠে রয়েছে। এমন সময়ে টানা বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটা ও ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা।
কৃষি বিভাগের প্রকাশিত উপজেলাভিত্তিক তথ্য অনুযায়ী,মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের তিনটি ব্লকে ১ হাজার ৯৮২ হেক্টর, উত্তর সাকুচিয়া ইউনিয়নে ১ হাজার ৮৩৩ হেক্টর, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ১ হাজার ৮৬২ হেক্টর, মনপুরা ইউনিয়নে ১ হাজার ৬৬০ হেক্টর এবং কলাতলী ইউনিয়নে ১ হাজার ৭৩৮ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। সব মিলিয়ে উপজেলায় ৮ হাজার ৯০৯ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। এ বছর আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৬ হাজার ২৪৭ মেট্রিক টন।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই পাকা ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। কেউ কেউ ধান কেটে জমিতে রেখেছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটা, শুকানো ও বাড়িতে নেওয়া কঠিন হয়ে পড়েছে। কোথাও কাটা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবার জমিতে দাঁড়িয়ে থাকা পাকা ধানও ঝুঁকির মধ্যে রয়েছে। এতে ধানের গুণগত মান নষ্ট হওয়া ও ফলনহানির আশঙ্কা করছেন কৃষকরা।
কৃষক আবুল কালাম বলেন, ধান ঘরে তুলতে দেরি হলে শ্রমিক ও পরিবহন খরচ বাড়বে। অন্যদিকে, জমিতে পানি জমে থাকায় পরবর্তী ফসলের আবাদও পিছিয়ে যেতে পারে। ফলে একদিকে ফসলের ক্ষতি, অন্যদিকে বাড়তি উৎপাদন খরচের বোঝা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।
৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কৃষক জামাল উদ্দিন বলেন, ধারদেনা করে জমিতে ধান আবাদ করেছি। সার, বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকের পেছনে অনেক টাকা খরচ হয়েছে। এখন ধান ঘরে তোলার সময় এমন বৃষ্টিতে সব হিসাব এলোমেলো হয়ে গেছে। জমিতে পানি থাকায় শ্রমিক পাওয়া গেলেও ধান কাটার উপায় নেই। কেটে রাখা ধানও রক্ষা করা যাচ্ছে না।
কয়েক দিনের বৃষ্টিতে সারা বছরের কষ্টের ফসল চোখের সামনে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তিনি। শুধু ধান নয়, বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে কৃষকদের গো-খাদ্য নিয়েও। কৃষক রহিম বলেন, কাটা ধান বৃষ্টিতে ভিজে থাকলে তা থেকে ভালো বিচুলি তৈরি করা সম্ভব হবে না।
ভেজা ধান ও খড় পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে একদিকে বিচুলি বিক্রি করে বাড়তি আয় থেকে বঞ্চিত হবেন কৃষকরা, অন্যদিকে গবাদিপশুর খাদ্যসংকটও দেখা দিতে পারে। ফলে ধানের পাশাপাশি গো-খাদ্য নিয়েও নতুন করে লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে মনপুরা উপজেলা কৃষি কর্মকর্তা আহসান উল্লাহ জানান,
টানা বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। যেসব জমির ধান পেকে গেছে, সেসব জমির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করে আবহাওয়া অনুকূলে এলে দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে।
অসময়ের বৃষ্টিতে আমনখেতের ফসল নুয়ে পড়েছে। উপজেলার ১৫টি ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনাও দেওয়া হচ্ছে। এ ছাড়া মুঠোফোন ও অনলাইনের মাধ্যমেও কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।