প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ৬২ ধরনের দেশি-বিদেশি ফল নিয়ে ব্যতিক্রমী উৎসবের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীনসহ শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
ফল উৎসবে পার্সিমন, সফেদা, কতবেল, জামরুল, আমলকী, আমড়া, আপেল, কমলা, পেয়ারা, খেজুর, নাশপাতি, বরই, রাম্বুটান, ব্লুবেরি, ক্র্যানবেরি, কিউই, আলুবোখারা ও অ্যাভোকাডোসহ মোট ৬২ ধরনের দেশি-বিদেশি ফল রাখা হয়।
অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভূমিকার প্রশংসা করে রাকিব বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এবং পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন কার্যক্রম প্রশংসনীয়। সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার পাশাপাশি সংগঠনটি পুরান ঢাকায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন এ ধরনের আয়োজনের প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। ব্যতিক্রমী উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের উদ্যোগে এ ফল উৎসবের আয়োজন করা হয়। আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর উদ্দেশ্যেই এমন আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান পরিচালনাকারী শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভিন্নধর্মী কিছু করার পরিকল্পনা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ৬২ ধরনের ফলের উৎসবের পাশাপাশি ক্রীড়াসামগ্রী বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করা হয়েছে। দল-মত নির্বিশেষে সবাই যেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আয়োজনে অংশ নিতে পারেন, সেটিই তাদের প্রত্যাশা।
শামসুল আরেফিন আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ৩৮টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটের জন্য মোট ৪০টি ফুটবল বরাদ্দ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ২৫টি বিভাগের প্রতিনিধিদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। বাকি বিভাগ ও ইনস্টিটিউটগুলোর জন্য বরাদ্দ ফুটবল পরবর্তী সময়ে পৌঁছে দেওয়া হবে।
অনুষ্ঠানে জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, মোস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান, রবিউল আওয়াল, শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম, রাশেদ, অনিক, নাহিয়ান বিন অনিক ও পরাগসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।