বিপদে-আপদে অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকার একটি মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তুলতে চান।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে দুস্থ ও অসহায় রোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডা. জুবাইদা রহমান বলেন, দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো এবং তাদের সহযোগিতা করাই হওয়া উচিত সবার দায়িত্ব।
মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, বিপদে মানুষের পাশে থাকতে হবে। সব সময় মানুষের পাশে আছি, ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে দেশের কল্যাণে। নিজের স্বার্থের চেয়ে মানুষের কল্যাণ ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় নিজেদের অঙ্গীকার তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, ‘মানুষের জন্য মানুষ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে বাংলাদেশ।’
অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট এলাকার মোট ১৬৫ জনের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
সহায়তাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ১০৭ জন দুস্থ ও অসহায় ব্যক্তি, দুজন মেধাবী শিক্ষার্থী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৬ জন রোগী এবং মা ও শিশুর জীবনমান উন্নয়নে সহায়তাপ্রাপ্ত ৪০ জন।
এ সময় ডা. জুবাইদা রহমান নিজ হাতে ১৬ জনের মধ্যে আর্থিক সহায়তার চেক ও নিমগাছের চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ সংসদীয় আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানী।
এ ছাড়া অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।